পশু জবাইয়ের আহ্বান নিয়ে বিতর্কের মুখে অবস্থান স্পষ্ট করল জবি প্রশাসন
ক্যাম্পাসে শিক্ষার্থীকে শোকজ করার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকতে প্রক্টর যে আহ্বান জানিয়েছিলেন, তা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, পশু জবাইসহ যেকোনো অনুষ্ঠান করার অধিকার ক্যাম্পাসে সবারই আছে। প্রক্টরের ওই বক্তব্যের জেরে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য প্রশাসন দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পটভূমি তুলে ধরে বলা হয়, গত ১২ অক্টোবর রাতে খিচুড়ি রান্নার জেরে ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দেয়। তখন দায়িত্বে থাকা প্রক্টরের তাৎক্ষণিক হস্তক্ষেপে এবং পরদিন পক্ষগুলোর পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টির সন্তোষজনক সমাধান হয়। এরপর ক্যাম্পাসে যেন নতুন করে কোনো বিশৃঙ্খলা বা উত্তেজনা না ছড়ায়, শুধু সেই উদ্দেশ্যেই প্রক্টর পশু জবাইয়ের কর্মসূচি থেকে বিরত থাকতে বলেছিলেন।
প্রশাসন জানায়, প্রক্টরের এই অনুরোধ থেকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা দুঃখজনক। বিশ্ববিদ্যালয় আরও স্পষ্ট করে, ক্যাম্পাসে পশু জবাই বা যেকোনো ধরনের উদযাপনের এখতিয়ার সবার রয়েছে। তবে একটি কর্মসূচি যেন অন্যের উদযাপনে বাধা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে তাগিদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে এ-ও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার যেসব তথ্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিজ্ঞাপন
ক্যাম্পাসের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহনশীলতা, সম্প্রীতি ও দায়িত্বশীল ভূমিকা বজায় রাখার আহ্বান জানিয়েছে জবি প্রশাসন।