চুয়েটে উপাচার্যসহ ১১ জন প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অসুস্থতার কথা জানালেন উপাচার্য
প্রশাসনিক ভবন-২-এ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন; উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এ প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন। উপাচার্য নিজেই জানিয়েছেন, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় তিনি প্রচণ্ড মাথাব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে একটি গণমাধ্যমকে অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, সোমবার রাত ২টার দিকে পুলিশের মাধ্যমে তাঁরা খাবার পেয়েছিলেন এবং সেই খাবার খেয়েই রাত কাটিয়েছেন। অনেকক্ষণ ঘুমাতে না পারায় তাঁর প্রচণ্ড মাথাব্যথা হচ্ছে। সেখানে থাকা আরও অনেকে শারীরিক সমস্যায় পড়েছেন বলেও তিনি জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সুযোগ পাননি বলে উল্লেখ করে উপাচার্য বলেন, তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে চান, কিন্তু এখনো সেই সুযোগ তৈরি হয়নি। তাঁর দাবি, সোমবার একবার শিক্ষার্থীদের সামনে গিয়েছিলেন, তবে তাঁদের আচরণের কারণে কথা বলার সুযোগ পাননি।
নবনিযুক্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন-২-এর ভেতরের ফটক ও মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে অবরুদ্ধ উপাচার্যসহ অন্যদের জন্য সকালের খাবারের ব্যবস্থা করেন তাঁরা।
পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায়ই থাকবেন। সোমবার ভবন থেকে বের হতে তাঁকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি বের না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী ফটকে তালা দেওয়া হয়। অবরুদ্ধ ব্যক্তিদের জন্য সকালের খাবার পৌঁছে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
সোমবার সারা রাত প্রশাসনিক ভবন-২-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় সেখানে তাঁদের খাওয়াদাওয়া ও আড্ডা দিতে দেখা যায়।
দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার মধ্যে সোমবার মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু মো. সোহান। পরে প্রকৌশলী শাহরিয়ারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে অবরুদ্ধ উপাচার্য ও তাঁর সহযোগীদের জন্য খাবারের ব্যবস্থা করা হলেও ভবনের ভেতরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে।
চুয়েটের চলমান সংকট নিরসন এবং শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছেন ঢাকায় থাকা চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
এ ছাড়া চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
সোমবার সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ক্যাম্পাসে ঢোকেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। নিয়োগ পাওয়ার প্রায় তিন সপ্তাহ পর তিনি ক্যাম্পাসে আসেন। তাঁর সঙ্গে চুয়েটের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থীও ছিলেন।
এরপর উপাচার্য ও তাঁর সহযোগীদের ভবন ছাড়ার জন্য দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ওই সময়ের মধ্যে তাঁরা ভবন না ছাড়ায় পূর্বঘোষণা অনুযায়ী ভেতরের ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ভবনের তালা খোলা হবে না। অন্যদিকে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের আগ্রহ প্রকাশ করেছেন। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে আলোচনার কোনো সুযোগ তৈরি হয়নি।